অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের অভাব অনেকের কাছেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে সঠিক আর্থিক পরিকল্পনায় সরকারি সেভিংস স্কিমগুলোতে বিনিয়োগ করে সিনিয়র সিটিজেনরা প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় নিশ্চিত করতে পারেন। ঝুঁকিহীন ও লাভজনক বিনিয়োগ হিসেবে বিশেষজ্ঞরা মূলত তিনটি সরকারি স্কিমের ওপর জোর দিচ্ছেন।
১. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): বর্তমানে এতে ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ত্রৈমাসিক ভিত্তিতে সুদের টাকা পাওয়ার এই স্কিমটি অবসরপ্রাপ্তদের প্রথম পছন্দ।
২. পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS): যারা প্রতি মাসে নিশ্চিত আয় চান, তাদের জন্য এটি আদর্শ। এতে বর্তমানে ৭.৪ শতাংশ হারে সুদ মেলে।
৩. আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড: নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এটি অন্যতম সেরা বিকল্প, যেখানে প্রায় ৮ শতাংশের কাছাকাছি সুদ পাওয়া সম্ভব। সুদের হার বাজারের পরিস্থিতির সঙ্গে পরিবর্তিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই স্কিমগুলোতে সব মিলিয়ে প্রায় ১.৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারলে বছরে প্রায় ১২ লক্ষ টাকা আয় করা সম্ভব, যা মাসে ১ লক্ষ টাকায় দাঁড়ায়। তবে বিনিয়োগের আগে কিছু সতর্কতা জরুরি। সব টাকা একটি স্কিমে না রেখে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ (Diversification) করা বুদ্ধিমানের কাজ। এছাড়া ভবিষ্যতে সুদের হার পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির প্রভাবের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। অবসরের পরবর্তী জীবনকে নিরাপদ ও আর্থিক দিক থেকে স্বনির্ভর করতে সরকারি এই সুরক্ষা কবচগুলো অত্যন্ত কার্যকরী।