অবশেষে ‘শান্তি’! শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন এসএসস কর্তা এসপি সিনহা, কী জানাল হাইকোর্ট?

রাজ্যের বহুল চর্চিত নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শান্তি প্রসাদের জামিন মঞ্জুর করেছে আদালত। ২০২২ সালের ১০ অগস্ট সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া এই দাপুটে কর্তার দীর্ঘ কারাবাসের ইতি হতে চলায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, এই মুক্তি একেবারেই শর্তসাপেক্ষ। জামিন পেলেও শান্তি প্রসাদকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। ট্রায়াল চলাকালীন তিনি আদালতের অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না। এছাড়া তদন্তের স্বার্থে এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে তাঁকে সব রকম সহযোগিতা করতে হবে। দীর্ঘ সময় ধরে বিচারপ্রক্রিয়া শুরু না হওয়া এবং হেফাজতে থাকার মেয়াদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।

নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন একের পর এক হেভিওয়েট নেতা ও আধিকারিকরা গরাদের পিছনে, তখন শান্তি প্রসাদের এই জামিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিবিআই বারংবার জামিনের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হলেন এসপি সিনহা। এই রায়ের ফলে নিয়োগ দুর্নীতির অন্যান্য অভিযুক্তদের আইনি লড়াইয়ে কোনো নতুন পথ খুলে যায় কি না, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy