অবশেষে পর্যটকদের জন্য খুলল লাচুং, পুজোর আগে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সিকিমের পর্যটন মহল

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাচুং। সোমবার থেকে পর্যটকদের জন্য এই এলাকাটি খুলে দেওয়া হয়েছে। তবে বর্ষার কারণে রাস্তা বেহাল থাকায় লাচেনে এখনও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
পুজোর মরসুম এগিয়ে আসায় পর্যটন ব্যবসায়ীরা উত্তর সিকিম খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিলেন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। মঙ্গন জেলা প্রশাসনের এক বৈঠকে রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সোমবার থেকে পর্যটকদের জন্য পারমিট ইস্যু করা শুরু হয়েছে।
পর্যটকদের সুবিধার জন্য সিংথাং ও লাচুংয়ের মাঝে থাকা সাঙ্গকেলাং সেতু এবং লাচুং ও সিংথাংয়ের মধ্যে থাকা টুং সেতু মেরামত করা হয়েছে।
যদিও লাচুং খুলে দেওয়া হয়েছে, লাচেন ও তার সংলগ্ন এলাকা এখনও পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে। কারণ, ওই এলাকার রাস্তা এখনও যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত নয়। প্রায়শই ধস নামার কারণে রাস্তা মেরামতের কাজ কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকি নিতে চাইছে না, কারণ সম্প্রতি পাহাড় কাটার সময় ধস নেমে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
এদিকে, সোমবার সকালে সিকিমের একাধিক জায়গায় নতুন করে ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়, যার ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।