অফিসের বন্ধুত্ব কি ক্যারিয়ার নষ্ট করতে পারে? জেনেনিন কী বলছে বিশেষজ্ঞরা?

স্কুল-কলেজের মতো কর্মক্ষেত্রে বন্ধু পাওয়া কঠিন—এমনটা অনেকেই মনে করেন। তবে বাস্তবতা হলো, প্রতিদিন একই লক্ষ্য ও পরিবেশে দীর্ঘ সময় কাজ করার ফলে সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠা খুবই স্বাভাবিক। কিন্তু সব বন্ধুত্বের কি ইতিবাচক ফল মেলে? সম্প্রতি বিশেষজ্ঞরা কর্মক্ষেত্রের অতিরিক্ত ঘনিষ্ঠতাকে আখ্যা দিয়েছেন ‘ফ্রেন্ড বম্বিং’ হিসেবে, যা আপনার পেশাদার জীবনের জন্য ডেকে আনতে পারে বড় বিপদ।
কী এই ‘ফ্রেন্ড বম্বিং’? কর্মক্ষেত্রে যখন বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে তা পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের সীমারেখাকে ধুলিসাৎ করে দেয়, তখনই তাকে বলা হয় ‘ফ্রেন্ড বম্বিং’। এই অতিরিক্ত ঘনিষ্ঠতা অজান্তেই আপনার কাজের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে শুরু করে।
কাজের ওপর এর প্রভাব কতটা মারাত্মক?
দায়িত্ববোধে ঘাটতি: বন্ধু সহকর্মীর ভুল বা কাজে ফাঁকি চোখে পড়লেও অনেক সময় তা উপেক্ষা করা হয়। বন্ধুত্বের খাতিরে কাজের জবাবদিহি করা কঠিন হয়ে পড়ে, যা সরাসরি প্রভাব ফেলে টিমের সামগ্রিক উৎপাদনশীলতায়।
মনোযোগের অভাব: দীর্ঘ সময় ধরে আড্ডা, টি-ব্রেক বা অপ্রয়োজনীয় ব্যক্তিগত আলাপ কাজের মনোযোগ নষ্ট করে। ফলে ডেডলাইন মেনে কাজ শেষ করা ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
ব্যক্তিগত চাপের পাহাড়: বন্ধু সহকর্মীর ব্যক্তিগত আবদার বা কাজের সাহায্য ফেরাতে না পারার কারণে নিজের কাজের ওপর চাপ বাড়ে, যা কর্ম-জীবনের ভারসাম্য নষ্ট করে।
গসিপ ও বিষাক্ত পরিবেশ: অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রায়শই গসিপ বা ব্যক্তিগত কুৎসা রটানোর সুযোগ তৈরি করে, যা অফিসের সামগ্রিক পরিবেশকে বিষাক্ত করে তুলতে পারে।
আবেগপ্রসূত সিদ্ধান্ত: সহকর্মী বন্ধু হয়ে গেলে কাজের ছোটখাটো মনোমালিন্য ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। এর ফলে আবেগপ্রসূত হয়ে অনেক সময় চাকরি ছাড়ার মতো ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন কর্মীরা।
ভারসাম্য বজায় রাখবেন যেভাবে: কর্মক্ষেত্রে সম্পর্ক রাখা দোষের কিছু নয়, তবে তা যেন পেশাদারিত্বের গণ্ডি না ছাড়ায়। বিশেষজ্ঞদের পরামর্শ: ১. সীমা নির্ধারণ করুন: সহকর্মীর সাথে সম্মান ও সহযোগিতা বজায় রাখুন, কিন্তু ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। ২. আবেগ বনাম পেশাদারিত্ব: অফিসের কোনো সিদ্ধান্তে আবেগকে প্রাধান্য না দিয়ে পেশাদার দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন। ৩. কাজের অগ্রাধিকার: সহকর্মীকে সাহায্য করার আগে নিজের কাজের ডেডলাইনের দিকে খেয়াল রাখুন।
মনে রাখবেন, অফিসের বন্ধুত্ব ততক্ষণই সুন্দর, যতক্ষণ তা আপনার কাজের মান, দায়িত্ব এবং ক্যারিয়ারের বিকাশে বাধা হয়ে না দাঁড়ায়। কর্মক্ষেত্রে সফল হতে হলে আবেগ নয়, পেশাদারিত্বের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ।