অপেক্ষার অবসান, শিয়ালদা-কৃষ্ণনগর ও শিয়ালদা-বনগাঁ রুটে অবশেষে চালু হল এসি লোকাল ট্রেন

গরমের অস্বস্তি আর ভিড়ে ঠাসাঠাসি করে যাত্রার দিন শেষ! দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিয়ালদা-কৃষ্ণনগর রুটে চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে প্রথম এসি লোকাল ট্রেন কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে বিকেল ৩.৪০ মিনিটে শিয়ালদা পৌঁছায়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশনে ভিড় জমিয়েছিলেন বহু যাত্রী।
যাত্রীদের মুখে হাসি
প্রথম দিনেই এসি লোকাল ট্রেনে যাত্রীরা ছিলেন উচ্ছ্বসিত। বিশেষ করে নিত্যযাত্রী এবং রোগীদের পরিবারের জন্য এটি এক দারুণ স্বস্তির খবর। কৃষ্ণনগরের এক বাসিন্দা বলেন, “কলকাতায় চিকিৎসার জন্য প্রায়ই যেতে হয়। এই এসি ট্রেনে রোগীকে নিয়ে যাতায়াত করা এখন অনেক সহজ হবে।” তীর্থযাত্রী ও পর্যটকদের জন্যও এটি একটি বড় সুবিধা, কারণ নদীয়া জেলার নবদ্বীপ ধাম ও মায়াপুর ধামে সারা বছর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। এই ট্রেনে উন্নত মানের প্রযুক্তি এবং বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
কোন রুটে কখন চলবে এসি লোকাল?
শিয়ালদা-কৃষ্ণনগর রুটের পাশাপাশি শিয়ালদা-বনগাঁ-রানাঘাট রুটেও চালু হয়েছে এসি লোকাল পরিষেবা। রবিবার বাদে সপ্তাহে ছয় দিন এই ট্রেন চলবে।
শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এসি লোকাল:
সকাল ৭.১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং বনগাঁ পৌঁছাবে সকাল ৭.৫২ মিনিটে।
শিয়ালদা পৌঁছনোর সময় সকাল ৯.৩৭ মিনিট।
ফেরার পথে সন্ধ্যা ৬.১৪ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৮.০৫ মিনিটে বনগাঁ পৌঁছাবে এবং রাত ৮.৪১ মিনিটে রানাঘাট।
শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল:
সকাল ৯.৪৮ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে দুপুর ১২.০৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছাবে।
ফেরার পথে দুপুর ১.৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে বিকেল ৩.৪০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় এসি লোকাল ট্রেন চালানো হতে পারে।