অনলাইন অ্যাপে এক দাম আর বিল হাতে পেতেই চোখ কপালে! সুইগি ও রেস্তরাঁকে ১ লাখ টাকা জরিমানার মেগা নির্দেশ

অনলাইন ফুড অ্যাপ খুলে একটি দাম দেখে খাবার অর্ডার করা আর শেষ মুহূর্তে বিল হাতে পেয়ে আকাশ থেকে পড়ার অভিজ্ঞতা কম-বেশি অনেকেরই রয়েছে। তবে এবার বিভ্রান্তিকর ও ভুল দাম দেখিয়ে পার পেল না জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সুইগি’ (Swiggy) এবং নামী রেস্তোরাঁ ‘থেমিস বার্বিকিউ হাউস’ (Themis Barbeque House)। গ্রাহককে ভুল তথ্য পরিবেশন এবং অতিরিক্ত অর্থ আদায়ের স্পষ্ট প্রমাণের ভিত্তিতে দিল্লির একটি উপভোক্তা আদালত (Consumer Commission) দুই সংস্থাকে যৌথভাবে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৭ এপ্রিল। প্রবীণ কুমার সিং নামক পেশায় এক আইনজীবী সুইগি ডাইনআউটের মাধ্যমে ১৪ জনের একটি বড় দলের জন্য ওই রেস্তোরাঁয় টেবিল বুক করেছিলেন। সেই সময় সুইগির অ্যাপে দুজন মানুষের খাবার খরচ (Cost for two) দেখানো হয়েছিল ১,৫০০ টাকা, অর্থাৎ মাথা পিছু হিসাব দাঁড়ায় মাত্র ৭৫০ টাকা। কিন্তু রেস্তোরাঁয় গিয়ে খাওয়া-দাওয়া শেষে যখন চূড়ান্ত বিল হাতে আসে, তখন দেখা যায়— অ্যাপের হিসাব পুরোপুরি বদলে গেছে! মাথাপিছু নিরামিষ বুফের দাম ১ হাজার ৫০ টাকা এবং আমিষ বুফের দাম ১ হাজার ১০০ টাকা করে ধরা হয়েছে। যার ফলে প্রতিটি পদে অ্যাপের দেখানো দামের তুলনায় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেশি অর্থ গুনতে বাধ্য হন ওই গ্রাহক।

এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে আইনি লড়াইয়ের পথ বেছে নেন ওই আইনজীবী। মামলাটি গড়ায় জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে। কমিশনের সভাপতি দিব্য জ্যোতি জয়পুরিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ এই চাঞ্চল্যকর মামলার রায়দান করে। শুনানির সময় সুইগির পক্ষ থেকে সাফাই দিয়ে জানানো হয় যে, তারা কেবল একটি অনলাইন মাধ্যম বা মধ্যস্থতাকারী (Intermediary), তাই রেস্তোরাঁর খাবারের তালিকার দামের জন্য তারা সরাসরি দায়ী নয়।

তবে কমিশনের বিচারকরা সেই যুক্তি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন যে, প্ল্যাটফর্মে সঠিক তথ্য যাচাই না করে ভুল দাম প্রদর্শন করে কোনো সংস্থাই নিজেদের দায় এড়াতে পারে না। গ্রাহকদের সঙ্গে এই ধরনের আর্থিক প্রতারণা বরদাস্ত করা হবে না।

Pratik Saha
  • Pratik Saha