অনলাইনে শপিং করার আগে এই কাজটি করুন! নতুন পোশাকে আপনাকে কেমন দেখতে লাগবে, জানিয়ে দেবে চ্যাটজিপিটি

অনলাইন শপিংয়ের অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চলেছে জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি (ChatGPT)। এবার থেকে কোনো পোশাক কেনার আগে আর ধন্দ্বে থাকতে হবে না ক্রেতাদের। ওপেনএআই (OpenAI) নিয়ে এসেছে তাদের লেটেস্ট ‘চ্যাটজিপিটি ইমেজেস ২.৫’ (ChatGPT Images 2.5) মডেল। এই নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ঘরে বসেই নিজেদের শরীরের সঙ্গে যেকোনো নতুন পোশাক ভার্চুয়ালি ট্রায়াল দিতে পারবেন।
কীভাবে কাজ করবে এই ভার্চুয়াল ট্রায়াল রুম?
অনলাইন থেকে কোনো ট্রেন্ডি পোশাক পছন্দ হলেও সেটি নিজের শরীরে মানাবে কিনা, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। সেই সমস্যার সমাধান করতেই এই নতুন প্রযুক্তি। ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি অথবা ফুল-সাইজ ছবি আপলোড করতে হবে। এরপর নির্দিষ্ট কোনো স্টাইলের পোশাকের বিবরণ দিলে প্ল্যাটফর্মটি সেই অনুযায়ী বিভিন্ন অপশন সামনে আনবে। নিজের ছবির ওপর ওই পোশাক ভার্চুয়ালি ট্রায়াল দিয়ে দেখে নেওয়া যাবে যে সেটি আপনার জন্য সেরা পছন্দ কি না।
শুধু তাই নয়, এই ফিচারে যুক্ত করা হয়েছে একটি বিশেষ ‘ফেভারিটস’ (Favorites) অপশন। এর মাধ্যমে পছন্দ হওয়া যেকোনো পোশাক একটি লাইব্রেরিতে সেভ করে রাখা যাবে, যাতে পরবর্তীতে প্রয়োজনে খুব সহজেই সেই জামাকাপড়ে আবার ফিরে যাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীর ট্রাই-অন করা ছবিগুলির সঙ্গেই এই পণ্যগুলি নিরাপদে সেভ থাকবে।
শপিংয়ের দুনিয়ায় আরও যত সুবিধা
শুধুমাত্র ভার্চুয়াল ট্রায়ালই নয়, কেনাকাটাকে আরও সহজ করতে একাধিক আকর্ষণীয় উপায় নিয়ে এসেছে ওপেনএআই:
লুক সাজেস্ট করা: আপনি ঠিক কী ধরনের স্টাইল বা লুক ট্রাই করতে চান, তা চ্যাটজিপিটিকে জানালে এআই নিজেই সেই লুক সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পোশাক বা অনুষঙ্গ খুঁজে দেবে।
সেলিব্রিটি লুক রিক্রিয়েশন: পছন্দের কোনো সেলিব্রিটির পরা পোশাকের ছবি আপলোড করে সেটি কোথায় পাওয়া যাবে বা তার বিকল্প কী হতে পারে, তা নিমেষেই খুঁজে দিতে পারবে চ্যাটজিপিটি।
প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতি অনলাইন শপিংয়ের প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।