আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের অব্যবস্থার বলি এক রোগী। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার বদলে হাসপাতালের সিঁড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভেতরে শৌচাগারের সুব্যবস্থা না থাকায় রোগীকে বাইরে নিয়ে যেতে বলা হয়, আর তাতেই ঘটে বিপত্তি।
মৃতের ছেলে বিশাল সামন্তের দাবি, রাত ২:৩০ নাগাদ তাঁর বাবাকে ভর্তি করা হয়েছিল। ভোরে বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে কর্তব্যরত এক ডাক্তার তাঁদের বাইরের ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে সচল লিফট থাকলেও সে বিষয়ে পরিবারকে কিছুই জানানো হয়নি। স্ট্রেচার ছাড়াই অসুস্থ রোগীকে নিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে গিয়েই সংজ্ঞা হারান বিশ্বজিৎবাবু। সেখানেই তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রের খবর, গ্রাউন্ড ফ্লোরের রোগীদের জন্য ভেতরে নির্দিষ্ট শৌচাগার নেই, ফলে তাঁদের বাইরেই যেতে হয়। লিফট বিভ্রাট এবং সঠিক নির্দেশনার অভাবে এই মৃত্যু ঘিরে এখন উত্তাল আরজি কর। ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন, এক জন মুমূর্ষু রোগীকে কেন হাসপাতালের ভেতরে পরিষেবা না দিয়ে বাইরে পাঠানো হলো?