অখিলেশের ভাই প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু! আসাম থেকে ছুটে এলেন অপর্ণা

উত্তরপ্রদেশের রাজনীতিতে শোকের ছায়া। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র এবং অখিলেশ যাদবের ভাই প্রতীক যাদব (৩৮) বুধবার ভোরে মারা গেছেন। লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতীকের মৃত্যুর সময় তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী অপর্ণা যাদব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গুয়াহাটিতে ছিলেন। খবর পাওয়া মাত্রই তিনি বিশেষ বিমানে লখনউ পৌঁছান। গোমতী নগরের বাসভবনে স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন অপর্ণা। প্রতীকের দেহে নীল দাগ ও কালশিটে চিহ্ন পাওয়া যাওয়ায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
১৯৮৮ সালে জন্ম নেওয়া প্রতীক ছিলেন মুলায়ম সিং যাদব ও সাধনা গুপ্তার সন্তান। পেশায় ব্যবসায়ী এবং ফিটনেস প্রেমী হিসেবে পরিচিত প্রতীক তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তানকে রেখে গিয়েছেন। খবরের সত্যতা নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপর্ণার বাসভবনে যাওয়ার কথা জানিয়েছেন। আজই বৈকুণ্ঠ ধামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।