অক্টোবর পড়তেই পকেটে টান! এলপিজি থেকে জন্ম সার্টিফিকেট, আজ থেকে বদলাল কোন কোন নিয়ম?

আজ পয়লা অক্টোবর থেকে দেশের আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হয়েছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের দৈনন্দিন বাজেট, পকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর। রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকিং এবং প্রশাসনিক নিয়মকানুন—জেনে নিন কোন কোন ক্ষেত্রে আজ থেকে পরিবর্তন হলো।

১. বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি:

মাসের প্রথম দিনেই ধাক্কা লেগেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে। তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা হোটেল, রেস্তোরাঁ ও ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করবে।

২. ভর্তুকিযুক্ত এলপিজির নিয়ম:

১লা অক্টোবর থেকে ভর্তুকিতে এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের এই যাচাইকরণ করা নেই, তাঁরা সিলিন্ডার রিফিল করতে পারলেও ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং নির্ধারিত পূর্ণ মূল্যেই তা কিনতে হবে।

৩. এসি, টিভি ও ফ্রিজের দাম বৃদ্ধি:

কাঁচামাল, ধাতু, পরিবহন খরচ এবং মুদ্রার ওঠানামার কারণ দেখিয়ে বেশ কিছু কোম্পানি এসি, টিভি, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের দাম বাড়িয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত না হওয়ায় ব্র্যান্ডভেদে দামের তারতম্য হতে পারে।

৪. জন্ম ও মৃত্যু সার্টিফিকেটের নিয়ম:

জন্ম বা মৃত্যুর ২১ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে তা সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বাভাবিক নিয়মে পাওয়া যাবে। তবে দেরির ক্ষেত্রে অতিরিক্ত যাচাই, লেট ফি এবং নির্দিষ্ট সময়ের ওপর ভিত্তি করে এসডিএম বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

৫. SBI-এর নগদ তোলার নিয়মে পরিবর্তন:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে নগদ তোলার চার্জে বদল এসেছে। এখন থেকে প্রতি মাসে মাত্র ৪ বার বিনামূল্যে টাকা তোলা যাবে। এর পর প্রতি লেনদেনে ১৫ টাকা ও জিএসটি (GST) দিতে হবে।

6. রেল যাত্রার কড়া নিয়ম:

১ অক্টোবর থেকে মাসজুড়ে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালাবে ভারতীয় রেল। এখন থেকে শুধু টিকিট থাকলেই চলবে না, যাত্রীদের সঙ্গে আসল ফোটো আইডি বা পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় রেল কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে পারে।