আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় বড়সড় চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন করতে অন্তত ২ হাজার বিচারকের প্রয়োজন। অথচ বর্তমানে সেই তুলনায় বিচারকের সংখ্যা অত্যন্ত নগণ্য। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ৫৩২ জন বিচারককে নিয়োগ করা হয়েছে এবং দ্রুত আরও নিয়োগের প্রক্রিয়া চলছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ভোটার তালিকার সমস্ত বাকি থাকা তথ্য বিচারকদের হাতে তুলে দিতে হবে। যদিও সময়ের সীমাবদ্ধতা নিয়ে কমিশনের অন্দরে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এদিকে প্রশাসনিক তৎপরতার মাঝেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে সিইও (CEO) দফতর। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিএলও-দের (BLO) বিক্ষোভের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোটের প্রস্তুতিতে এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে আবাসন বা বহুতলগুলিতে। রাজ্যে বহুতল বুথের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ৭৮ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৬টি এবং দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ২৫টি বহুতলে বুথ তৈরি হচ্ছে। যেসব বহুতলে ৩০০-র বেশি ভোটার রয়েছেন, সেখানেই এই বিশেষ বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।