৫ দশক পর ইতিহাস! চাঁদের পথে ৪ মহাকাশচারী, নাসার ‘আর্টেমিস ২’ মিশনে বিশ্বজুড়ে টানটান উত্তেজনা

দীর্ঘ পাঁচ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের অভিমুখে যাত্রা শুরু করল নাসার ‘আর্টেমিস ২ (Artemis II)’ মিশন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিশাল ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (SLS) রকেটে চড়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিলেন চার মহাকাশচারী। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ফ্লোরিডার উপকূলে ভিড় জমিয়েছিলেন প্রায় চার লক্ষ উৎসাহী মানুষ।

এই মিশনে রয়েছেন তিন মার্কিন মহাকাশচারী— রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হ্যানসেন। ১০ দিনের এই অভিযানে তাঁরা চাঁদের চারপাশে ঘুরে আসবেন। যদিও এই দফায় তাঁরা চাঁদে অবতরণ করবেন না, তবে মহাকাশযানের নিরাপত্তা এবং ম্যানুয়াল কন্ট্রোল ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষা করাই এই মিশনের মূল লক্ষ্য। ২০২৮ সালের মধ্যে চাঁদে স্থায়ীভাবে মানুষ পাঠানোর যে পরিকল্পনা নাসার রয়েছে, এটি তারই প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। চাঁদে থাকা মূল্যবান খনিজ সম্পদ, হিলিয়াম এবং মেরু অঞ্চলের বরফকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পানীয় জল ও জ্বালানি তৈরির পথ প্রশস্ত হবে এই অভিযানের মাধ্যমে। মূলত মঙ্গল গ্রহে মানুষের পা রাখার যে স্বপ্ন নাসা দেখছে, চাঁদকে তারই পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে চাইছেন বিজ্ঞানীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy