আর্থিক তছরূপ ও আন্তর্জাতিক হাওয়ালা চক্রের যোগসূত্রে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জালে ধরা পড়লেন ভিনেশ চান্ডেল। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, ভিনেশ বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে তা হাওয়ালা মারফত দেশের বাইরে পাচার করেছেন। এই কেলেঙ্কারিতে অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিচার করে অভিযুক্তকে মধ্যরাতেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জাজের বেঞ্চে পেশ করা হয়। রাতভর দীর্ঘ সওয়াল-জবাব শেষে মঙ্গলবার ভোরে আদালত ভিনেশ চান্ডেলকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। ইডি আধিকারিকদের দাবি, আন্তর্জাতিক স্তরে এই হাওয়ালা নেটওয়ার্ক কতদূর বিস্তৃত এবং এই বিপুল টাকার উৎস কী, তা জানতে জেরা করা একান্ত প্রয়োজন।





