৩১৫ কোটির সাইবার কেলেঙ্কারি! নিউ টাউনের হোটেল থেকে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

কলকাতার নিউ টাউনে মঙ্গলবার নাটকীয় মোড়! কয়েক হাজার কোটি টাকার সাইবার জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার করা হলেন বিশিষ্ট শিল্পপতি পবন রুইয়া। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখা বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।

তদন্তকারীদের দাবি, পবন রুইয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রায় ৩১৫ কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে। এই বিপুল অর্থ বিভিন্ন ভুয়ো সংস্থা বা ‘শেল কোম্পানি’ এবং রুইয়া পরিবারের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হতো। অভিযোগ উঠেছে যে, জটিল ব্যাঙ্কিং পদ্ধতি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই টাকা বিদেশেও পাচার করা হয়েছে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এদিনই অভিযুক্ত ও তাঁর পরিবারের অন্তর্বর্তী সুরক্ষা বা রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর আগে গত ডিসেম্বরে পবন রুইয়া ও তাঁর ছেলে-মেয়ে এই মামলায় আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু ৯৩ লক্ষ টাকার একটি ভুয়ো বিনিয়োগ অ্যাপের তদন্তে নেমে পুলিশ এই আন্তর্জাতিক চক্রের হদিশ পায়। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে দেশজুড়ে ১,৩৭৯টি অভিযোগ রয়েছে। বুধবার পবন রুইয়াকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy