পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বেজে যেতেই এখন সব মহলের নজর রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকার দিকে। নির্বাচন কমিশন বাংলায় ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটের ঘোষণা করার পর থেকেই তৎপরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের জোরালো জল্পনা, কাল সোমবারই বামফ্রন্ট তাদের প্রথম দফার প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ইতিমধ্যেই এর ইঙ্গিত দিয়েছেন।
তবে জল্পনা এখানেই শেষ নয়। সোমবার বামেদের তালিকা আসার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই ঘাসফুল এবং পদ্ম শিবির তাদের বড় চমক দিতে পারে। শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস মঙ্গলবারই একযোগে ২৯৪টি আসনের প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, দিল্লিতে মোদী-শাহর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর ১৫০-র বেশি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, মঙ্গলবারই বিজেপি তাদের প্রথম দফার তালিকা প্রকাশ করে প্রচারে ঝড় তুলতে চায়।
নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী ৪ মে ফলাফল ঘোষণা। হাতে সময় খুবই কম, তাই প্রথম পর্বের ১৫২টি আসনের প্রার্থীদের নাম দ্রুত চূড়ান্ত করতে মরিয়া সব পক্ষই। তৃণমূলের তালিকায় যেমন বড়সড় রদবদল এবং নতুন মুখের সম্ভাবনা রয়েছে, তেমনই বিজেপি তাদের জয়ী বিধায়কদের ওপরই ফের আস্থা রাখতে পারে বলে খবর। মঙ্গলবারের মধ্যে বাংলার রাজনৈতিক ময়দানে প্রার্থীর লড়াই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।