২০২৪ নয়, যেন ২০১৪-র প্রতিচ্ছবি! বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে শুভেন্দুর প্রণাম, কেন উত্তাল সোশ্যাল মিডিয়া?

বাংলার রাজনৈতিক আকাশে এখন এক নয়া সূর্যোদয়। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বর সাক্ষী থাকল এক অভাবনীয় ও আবেগঘন মুহূর্তের। নজিরবিহীন নিরাপত্তা আর আলোকোজ্জ্বল বিধানসভার প্রবেশপথে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন, তখন উপস্থিত সকলে দেখলেন এক বিশেষ দৃশ্য— যা মুহূর্তেই ফিরিয়ে দিল ১২ বছর আগের সংসদ ভবনের সেই ঐতিহাসিক স্মৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাঙ্ক অনুসরণ করে বিধানসভার প্রধান ফটকের সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে ভেতরে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীকে যথাযোগ্য মর্যাদায় ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। কুচকাওয়াজ এবং অভিবাদন গ্রহণ শেষে যখন তিনি বিধানসভার অন্দরে প্রবেশ করতে যাচ্ছেন, তখনই আচমকা থমকে দাঁড়ান তিনি। প্রবেশপথের লাল গালিচার ওপরেই হাঁটু গেড়ে বসে পড়েন মুখ্যমন্ত্রী। এরপর মাটির কাছাকাছি মাথা নিচু করে বিধানসভা নামক গণতন্ত্রের মন্দিরকে ভক্তিভরে প্রণাম করেন তিনি। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই ২০১৪ সালের কথা স্মরণ করেন, যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদ ভবনে প্রবেশের আগে ঠিক এভাবেই সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদি।

শুভেন্দু অধিকারীর এই বিনম্র আচরণ নিছক কোনো ভঙ্গি নয়, বরং এটি তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের পীঠস্থানের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, কিছুদিন আগে ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানের শেষেও মঞ্চের ওপর দাঁড়িয়ে বাংলার আপামর জনতার উদ্দেশে হাঁটু গেড়ে বসে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদি। ঠিক সেই আদর্শকেই যেন নিজের চলার পথের পাথেয় করে নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী।

শপথগ্রহণের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে আজ থেকেই বিধানসভায় শুরু হয়েছে উৎসবের আমেজ। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট ২৯০ জন নবনির্বাচিত বিধায়ক শপথবাক্য পাঠ করবেন। যদিও রাজ্যে আসন সংখ্যা ২৯৪, কিন্তু ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও এজেইউপি নেতা হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হওয়ায় বর্তমানে বিধায়কের সংখ্যা ২৯০। প্রোটেম স্পিকার তাপস রায় আজ থেকে জেলাভিত্তিক ক্রমানুসারে এই শপথবাক্য পাঠ করানোর প্রক্রিয়া শুরু করেছেন।

প্রথম দিনের শুরুতে উত্তরবঙ্গের জেলাগুলির জয়ী প্রার্থীরা শপথ নিচ্ছেন। এর পরপরই অন্যান্য জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল ৮০টি এবং অন্যান্য দলগুলি বাকি আসনগুলোতে জয়ী হয়েছে। বিধানসভার এই নতুন পথচলার শুরুতেই মুখ্যমন্ত্রীর এমন শ্রদ্ধা প্রদর্শন জনমানসে এক ইতিবাচক বার্তার সঞ্চার করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy