দার্জিলিং হিমালয়ান রেল (DHR) বা টয়ট্রেনের ইতিহাসে এক স্বর্ণালি অধ্যায় তৈরি হলো। বিগত ১৪৪ বছরের সব রেকর্ড ভেঙে ২০২৫ সালে রেকর্ড আয় করল উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই হেরিটেজ বিভাগ। রেল সূত্রের খবর, ২০২৪ সালের তুলনায় এবার আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। ২০২৫ সালে ডিএইচআর-এর মোট আয় হয়েছে ২৪.৬ কোটি টাকা, যা গত বছরের ২১.২ কোটির রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। একইভাবে পর্যটকের সংখ্যাও ১.৭৪ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১০ হাজারে।
ডিএইচআর-এর ডিরেক্টর রিশভ চৌধুরী জানান, একসময় ভর্তুকিতে চলা এই রেল এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন পুনরজ্জীবিত করা, মিউজিয়াম সংস্কার এবং নিত্যনতুন পরিষেবাই এই সাফল্যের চাবিকাঠি। পর্যটকদের আরও আকর্ষণ করতে এবার টয়ট্রেনের ভেতরেই বিয়ের মতো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন গরমের ছুটিতে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চারটি নতুন ‘জয়রাইড’ চালুর পাশাপাশি এনজেপি থেকে তিনধারিয়া পর্যন্ত বেসরকারি সংস্থার সহযোগিতায় হেরিটেজ ট্রিপ চালুর প্রক্রিয়াও শুরু হয়েছে।