ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমাতে ‘পিএম রাহাত’ (PM RAHAT) নামে এক যুগান্তকারী প্রকল্প চালু করল কেন্দ্র সরকার। দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার’ বা প্রথম এক ঘণ্টার গুরুত্ব বুঝে এই নগদবিহীন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়েছে। প্রকল্পের আওতায় যেকোনো সড়কে দুর্ঘটনার কবলে পড়লে প্রথম ৭ দিন পর্যন্ত সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা পাবেন আক্রান্তরা।
১১২ নম্বরের এমার্জেন্সি রেসপন্স সিস্টেমের সঙ্গে যুক্ত এই প্রকল্পে অ্যাম্বুল্যান্স ও নিকটবর্তী হাসপাতালের তথ্য পাওয়া যাবে নিমেষেই। বিমাকৃত গাড়ির ক্ষেত্রে খরচ দেবে বিমা সংস্থা, আর ‘হিট অ্যান্ড রান’ বা বিমাহীন গাড়ির ক্ষেত্রে সরকার সরাসরি মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ফান্ড থেকে বিল মেটাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম eDAR ও TMS 2.0-এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা হয়েছে। জেলা শাসকের নেতৃত্বাধীন কমিটি এই প্রকল্পের তদারকি করবে যাতে আর্থিক কারণে কাউকে বিনা চিকিৎসায় ফিরতে না হয়।