বসন্তের উৎসবে মাতোয়ারা হওয়ার আগে আপনার প্রিয় চুলের স্বাস্থ্যের কথা ভেবেছেন কি? হোলির আনন্দ যখন তুঙ্গে থাকে, তখন অজান্তেই আমরা নিজেদের চুলের বারোটা বাজিয়ে ফেলি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, বাজারে চলতি রাসায়নিকযুক্ত রঙ এবং আবির সরাসরি চুলের সংস্পর্শে এলে তা মারাত্মক চুল পড়ার (Hair Fall) কারণ হতে পারে।
সাধারণত আবিরে সিলিকা, সিসা বা ক্রোমিয়ামের মতো ক্ষতিকারক ধাতু মেশানো থাকে। এই কণাগুলো চুলের কিউটিকল নষ্ট করে দেয় এবং স্ক্যাল্প বা মাথার তালুকে শুষ্ক করে তোলে। ফলে চুল রুক্ষ হয়ে মাঝখান থেকে ভেঙে যায়। এছাড়া রঙে থাকা রাসায়নিক মাথার ত্বকে অ্যালার্জি বা ইনফেকশন তৈরি করতে পারে, যা দীর্ঘমেয়াদী চুল পড়ার সমস্যা ডেকে আনে।
বাঁচার উপায় কী? বিশেষজ্ঞদের মতে, দোল খেলার অন্তত ৩০ মিনিট আগে চুলে ভালো করে নারকেল তেল বা আমন্ড তেল মেখে নেওয়া উচিত। এতে চুলের ওপর একটি সুরক্ষাকবচ তৈরি হয়। এছাড়া সিন্থেটিক রঙের বদলে ভেষজ বা অর্গানিক আবির ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। দোল খেলার পর মৃদু শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে দ্রুত রঙ ধুয়ে ফেলা জরুরি। মনে রাখবেন, সঠিক সতর্কতা না নিলে হোলির রঙের আনন্দ আপনার মাথার চুল কেড়ে নিতে পারে!