কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নজর এখন ক্যালেন্ডারের পাতায়। হোলির আগে কি পকেটে বাড়তি টাকা আসবে? মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির জল্পনা এখন তুঙ্গে। সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করা হয়—প্রথমটি জানুয়ারিতে এবং দ্বিতীয়টি জুলাই মাসে। তবে গত ৫ বছরের সরকারি পদক্ষেপ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র।
পরিসংখ্যান বলছে, জানুয়ারি-জুন পর্বের ডিএ ঘোষণা করার ক্ষেত্রে কেন্দ্র সাধারণত দোল বা হোলির পরের সময়টাকেই বেছে নেয়। গত পাঁচ বছরে মাত্র একবারই উৎসবের আগে ঘোষণা হয়েছিল। বাকি সময় মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের শুরুতে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদিও ডিএ কার্যকর হয় জানুয়ারি থেকেই, তবে বকেয়া বা এরিয়ার মেলা নিয়ে দোলাচলে কর্মীরা। এবারও কি সেই একই ‘ট্রেন্ড’ বজায় থাকবে নাকি ভোটের মুখে বড় চমক দেবেন মোদী? উত্তর খুঁজছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা।