দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জঙ্গলগুলোতে আদিবাসী সম্প্রদায়ের একাংশের মধ্যে প্রচলিত ‘শিকার উৎসব’ বন দফতরের কাছে এখন বড় দুশ্চিন্তার কারণ। এই উৎসবের সুযোগ নিয়ে চোরাশিকারিরা যাতে জঙ্গলে ঢুকে গণ্ডার, হরিণ বা অন্যান্য বন্যপ্রাণীর ক্ষতি করতে না পারে, সেজন্য গোটা ডুয়ার্সজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গোরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের সংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে বনকর্মীরা।
নিরাপত্তার স্বার্থে ৩ ও ৪ মার্চ লাটাগুড়ি এবং সংলগ্ন একাধিক জঙ্গলে পর্যটকদের প্রবেশ ও জঙ্গল সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরা এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড। গোরুমারার বিখ্যাত শিকারি কুকুর ‘অরল্যান্ডো’কে নিয়ে জঙ্গলের গভীরে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া, নদীপথেও স্পিডবোটের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বন দফতর সূত্রে খবর, জঙ্গল সংলগ্ন চা বাগান ও বস্তি এলাকাগুলোতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যপ্রাণীদের সুরক্ষায় কোনো খামতি রাখতে নারাজ বনকর্মীরা।