হাওড়ায় আকাশ থেকে নেমে এল মৃত্যু! বহুতল থেকে রড পড়ে প্রাণ হারালেন ব্যবসায়ী ও মুটে

হাওড়া পৌরনিগমের একদম নাকের ডগায় ঘটে গেল এক শিউরে ওঠা দুর্ঘটনা। বহুতল থেকে পড়ে যাওয়া একটি ভারী লোহার রডের আঘাতে প্রাণ হারালেন দুই ব্যক্তি। মঙ্গলবার দুপুরে হাওড়ার একটি ট্রেড সেন্টারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতদের নাম শেখ ইরফান এবং খোকন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই ওই ট্রেড সেন্টারের সিঁড়িঘরে ঢালাইয়ের কাজ চলছিল। কোনো রকম সুরক্ষা ব্যবস্থা বা সেফটি নেট ছাড়াই চলছিল এই বিপজ্জনক নির্মাণকাজ।

দুপুর নাগাদ হঠাৎ একটি বিশালাকার লোহার রড ওপর থেকে সোজা নিচে পড়ে যায়। আজ মঙ্গলাহাটের দিন হওয়ায় এলাকায় ছিল প্রবল ভিড়। শেখ ইরফান নামের এক টুপি ব্যবসায়ী তাঁর সামগ্রী রাখার জন্য খোকন নামের এক মুটেকে সঙ্গে নিয়ে ওই ভবনের নিচে দাঁড়িয়ে ছিলেন। মুহূর্তের অসাবধানতায় ওপর থেকে আসা রডটি তাঁদের মাথায় সরাসরি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় দু’জনকেই দ্রুত হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা নির্মাণ সংস্থার গাফিলতির বিরুদ্ধে সরব হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জনবহুল এলাকায় কাজ চলাকালীন নিচে কোনো সতর্কবার্তা বা নিরাপত্তা বেষ্টনী ছিল না। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্মাণ সামগ্রী কেন এভাবে অসুরক্ষিত অবস্থায় রাখা ছিল এবং কাদের গাফিলতিতে এই প্রাণহানি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy