হরমুজ সংকটে টান পড়ছে এলপিজি-তে? পরিস্থিতি সামলাতে বড় ঘোষণা মোদী সরকারের!

হরমুজ প্রণালীতে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতে এলপিজি (LPG) সরবরাহে বড়সড় সংকটের মেঘ ঘনিয়ে আসছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবার পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি (PNG) ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এলপিজি-র ওপর আমদানির চাপ কমাতে এবং ঘরোয়া জোগান স্বাভাবিক রাখতে দেশবাসীকে পিএনজি ব্যবহারের আর্জি জানিয়েছেন মন্ত্রকের যৌথ সচিব সুজাতা শর্মা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল, যার বড় অংশই আসে হরমুজ প্রণালী হয়ে। বর্তমানে দেশের এলপিজি রিজার্ভে টান পড়ার আশঙ্কায় ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL), GAIL এবং ভারত পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় ঘোষণা করেছে। ৩১ মার্চের মধ্যে কানেকশন নিলে ৫০০ টাকার গ্যাস বিনামূল্যে দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে ‘সিকিউরিটি ডিপোজ়িট’ মকুবের মতো সুযোগও দেওয়া হচ্ছে। যদিও সরকার এলপিজি সরবরাহ স্বাভাবিক থাকার দাবি করেছে, তবুও দীর্ঘমেয়াদী সংকটের মোকাবিলায় পিএনজি-কেই এখন ব্রহ্মাস্ত্র হিসেবে দেখছে দিল্লি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy