NCERT-র অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে ‘Judicial Corruption’ বা ‘বিচার বিভাগীয় দুর্নীতি’ শব্দবন্ধের ব্যবহার নিয়ে বেনজির ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই পদক্ষেপকে বিচারবিভাগের বিরুদ্ধে এক ‘সুচিন্তিত এবং গভীরে প্রোথিত’ ষড়যন্ত্র বলে অভিহিত করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সাফ জানান, বিচারব্যবস্থাকে অপমান করার কোনো সুযোগ তিনি দেবেন না এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি বিষয়টি উত্থাপন করলে প্রধান বিচারপতি জানান, বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিরাও এই পাঠ্য নিয়ে তাঁকে ফোন ও মেসেজ করে উদ্বেগ প্রকাশ করেছেন। কপিল সিব্বল ক্ষোভের সঙ্গে বলেন, “অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিচারবিভাগের দুর্নীতি সম্পর্কে শেখানো হচ্ছে, এটি অত্যন্ত কলঙ্কজনক।” এর জবাবে প্রধান বিচারপতি বলেন, “কয়েকদিন অপেক্ষা করুন, আইন তার নিজস্ব পথে চলবে। আমি জানি কীভাবে এর মোকাবিলা করতে হয়।” শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিচারবিভাগের ওপর এই পরিকল্পিত আক্রমণের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।