ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক স্তরে যখন উদ্বেগের মেঘ ঘনীভূত, ঠিক তখনই ‘নীরবতা’ ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের ক্রমাগত সমালোচনার মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানালেন, যুদ্ধের ময়দানে সেনা পাঠিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিশ্বজুড়ে চলা বর্তমান সংকটের আবহে ভারত বরাবরই আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, পৃথিবী এখন এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কূটনীতি এবং আন্তর্জাতিক আইন (Rule of Law) মেনেই যে কোনো বিবাদের নিষ্পত্তি হওয়া উচিত। শুধুমাত্র শক্তিপ্রয়োগ বা সেনা পাঠিয়ে শান্তি ফেরানো যায় না।” তিনি আরও যোগ করেন যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় শক্তিগুলি বিশ্বজুড়ে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এদিন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ফের একবার ভারতের ‘শান্তির দূত’ হিসেবে ভাবমূর্তি তুলে ধরেন। তাঁর মতে, আলোচনার টেবিলই হল শ্রেষ্ঠ পথ। প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এল যখন আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক অবস্থানের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।