পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা এখন চরমে। ডুরান্ড লাইন বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে চলা দীর্ঘদিনের সংঘাত এবার বিধ্বংসী রূপ নিল। আফগানিস্তান থেকে চালানো এক অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন পাকিস্তানি সেনা। ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে পরাজয় ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়া ও সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে গত কয়েকদিন ধরেই অস্থিরতা বাড়ছিল। আফগান সীমান্তের ওপার থেকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন সেনা নিহত হন এবং বহু আহত হন। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই ঘটনাকে সামরিক গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতা হিসেবে দেখছেন। ‘লেজেগোবরে’ দশা হওয়া পাকিস্তান সরকার এখন বিশ্বমঞ্চে কোণঠাসা। এককালে যাদের মদত দিয়ে ক্ষমতায় বসিয়েছিল, আজ সেই আফগান শক্তির হাতেই নাস্তানাবুদ হচ্ছে ইসলামাবাদ। এই ঘটনার পর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে।