২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তাপ মাঠের আগেই গড়িয়েছে রাজনীতির আঙিনায়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধকালীন উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েনের আবহে ইরানের ম্যাচগুলো কোথায় হবে, তা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। জল্পনা ছিল, ইরান হয়তো তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানাবে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ সাফ জানিয়ে দিলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।
ইরান ফুটবল ফেডারেশন (FFIRI) নিরাপত্তা এবং রাজনৈতিক কারণে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের পর ইরানের অংশগ্রহণ নিয়েই সংশয় দেখা দিয়েছিল। তবে তুরস্কের একটি প্রীতি ম্যাচের বিরতিতে ইনফান্তিনো নিশ্চিত করেন, “ইরান বিশ্বকাপে থাকছে এবং তারা যেখানে খেলার কথা সেখানেই খেলবে।” অর্থাৎ গ্রুপ ‘জি’-তে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে এবং শেষটি সিয়াটেলের লুমেন ফিল্ডে খেলবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক ফুটবল মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ সাত বছর পর দুই দেশের সম্পর্কের এই তিক্ততার মাঝে ফুটবল কীভাবে ‘শান্তির সেতু’ হয়ে ওঠে, সেটাই এখন দেখার বিষয়।





