সিএসকে-তে সঞ্জু যুগ শুরু? ধোনি কি শুধুই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’! মাহির ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ৪৪ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিকে কি এবার দস্তানা হাতে উইকেটের পিছনে দেখা যাবে না? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। রাজস্থান থেকে আসা স্বপ্নের ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে এবার কিপারের ভূমিকায় দেখা যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রতিযোগিতার সেরা হওয়া সঞ্জুর ওপর বড় ভরসা রাখছে সিএসকে ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, ধোনির দীর্ঘদিনের পিঠের চোট তাঁকে ভোগাচ্ছে। গত মরশুমে রোহিত শর্মা যেভাবে মুম্বইয়ের হয়ে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলেছিলেন, ধোনিকেও সেই একই ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ, সঞ্জু যখন কিপিং সামলাবেন, ধোনি তখন ডাগ-আউটে বসে স্ট্র্যাটেজি সাজাবেন এবং ইনিংসের শেষ দিকে প্রয়োজন পড়লে ব্যাটে নামবেন। ধোনির উত্তরাধিকারী হিসেবে সঞ্জু স্যামসনকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তৈরি রাখতে চাইছে চেন্নাই।

জাদেজাবিহীন এই নতুন সিএসকে-তে এবার রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, সরফরাজ খান এবং নূর আহমেদের মতো তারকারা। তবে চিপকের গ্যালারি আজও একজনের জন্যই চাতক পাখির মতো চেয়ে থাকে—তিনি ‘থালা’। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, খেলার সিদ্ধান্ত ধোনির একান্ত ব্যক্তিগত। তবে ধোনি ভক্তদের কাছে এক মুহূর্তের জন্য তাঁকে মাঠে দেখাই অনেক বড় প্রাপ্তি। ‘থালা ফর আ রিজন’—এই মন্ত্রেই এখন কাঁপছে চেন্নাই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy