সামান্য জ্বরে ১০ হাজারি বিল! চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালের কীর্তিতে তাজ্জব নেটপাড়া

চিকিৎসা করাতে গিয়ে বিল দেখে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়! এমনই এক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চেন্নাইয়ের বাসিন্দা প্রশান্ত রঙ্গস্বামী। সামান্য জ্বর এবং সর্দি নিয়ে তিনি গিয়েছিলেন শহরের এক নামী বেসরকারি হাসপাতালে (অ্যাপোলো ক্লিনিক)। কিন্তু প্রাথমিক পরীক্ষার পর হাসপাতালের দেওয়া বিল দেখে তাঁর আকাশ ভেঙে পড়ার দশা হয়।

প্রশান্তের দাবি, সামান্য জ্বর পরীক্ষার জন্য তাঁকে মোট ৯,৯০০ টাকার বিল ধরানো হয়েছে। এই বিলের ব্রেক-আপ দিতে গিয়ে তিনি জানান, চিকিৎসকের পরামর্শ (Consultation), রক্ত পরীক্ষা এবং সোয়াব টেস্টের জন্যই নেওয়া হয়েছে প্রায় ৯,০০০ টাকা। এর ওপর ওষুধের খরচ ছিল আরও ৯০০ টাকা। ‘X’ (সাবেক টুইটার)-এ এই অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি লেখেন, “সামান্য জ্বর নিয়ে গিয়েছিলাম। কিন্তু এই বিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা একেবারেই টাকা উসুল (Worth it) নয়।”

এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই কর্পোরেট হাসপাতালের অতিরিক্ত খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে, বেসরকারি হাসপাতালগুলি এখন সেবার বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আবার অনেক নেটিজেন তাঁকে পরামর্শ দিয়েছেন, সামান্য জ্বর-সর্দির জন্য বড় হাসপাতালে না গিয়ে স্থানীয় ছোট ক্লিনিক বা সরকারি ডিসপেনসারিতে যাওয়া বুদ্ধিমানের কাজ হতো। তবে এই ঘটনাটি আবারও ভারতের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা এবং আকাশছোঁয়া খরচ নিয়ে এক পুরনো বিতর্ককে উসকে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy