উৎসবের মরশুমে বড়সড় ভেজাল খাদ্যচক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ খাদ্য সুরক্ষা বিভাগ। কানপুরের নৌবস্তা এলাকায় একটি গোপন গুদামে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ হাজার কেজি পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর। ২০২২-২৩ সালে মেয়াদ ফুরিয়ে যাওয়া এই খেজুরগুলি নতুন প্যাকেটে ভরে রমজান ও দোল উৎসবের বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল অসাধু ব্যবসায়ীদের। উদ্ধার হওয়া এই খেজুরের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
অভিযান এখানেই থেমে থাকেনি। কানপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ১৪ হাজার লিটার নকল ভোজ্য তেল এবং ৫.৪৫ লক্ষ টাকার নকল ঘি উদ্ধার করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, উৎসবের ভিড়ে সাধারণ মানুষ যাচাই না করেই কেনাকাটা করেন, সেই সুযোগেই এই ‘বিষ’ বাজারে ছড়ানো হচ্ছিল। এছাড়া গাজিয়াবাদ থেকে ১২০০ কেজি নকল পনির এবং লখনউ থেকে বিপুল পরিমাণ ভেজাল চা বাজেয়াপ্ত করা হয়েছে। এই সব নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট কারখানাগুলি সিল করে দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, এই ধরণের মেয়াদোত্তীর্ণ খাবার শরীরে প্রবেশ করা বিষপানেরই সমান।