উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক বিশাল জনসভা থেকে তিনি বিজেপি নেতাদের ‘গদ্দার’ ও ‘বহিরাগত জমিদার’ বলে কটাক্ষ করেন। অভিষেকের দাবি, আসন্ন ২০২৬-এর নির্বাচনে বাংলার মানুষ এই জমিদারদের উপযুক্ত জবাব দেবে এবং সন্দেশখালি-সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে।
এদিন সন্দেশখালির বিতর্কিত ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, “বিজেপি পরিকল্পিতভাবে সন্দেশখালিকে কলঙ্কিত করার চক্রান্ত করেছিল। এখানকার সরল মা-বোনেদের ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল। তারপর সেই কাগজ ব্যবহার করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, বিজেপির এই ‘স্ক্রিপ্টেড ড্রামা’ বা সাজানো নাটক এখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে আরও বলেন, “বাইরে থেকে আসা নেতারা বাংলার সংস্কৃতি বোঝেন না। তাঁরা কেবল বিভাজনের রাজনীতি করতে জানেন। কিন্তু সন্দেশখালির মাটি দুর্জয় ঘাঁটি, এখানে চক্রান্তের ঠাঁই নেই।” তৃণমূলের এই হেভিওয়েট নেতার উপস্থিতিতে এদিন জনসভা সমুদ্রের আকার ধারণ করেছিল। রাজনৈতিক মহলের মতে, সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বিজেপি যে মাইলেজ পেতে চেয়েছিল, অভিষেক আজ পাল্টা চাল দিয়ে সেই আক্রমণকে ভোঁতা করে দিলেন।