হুগলির হাইভোল্টেজ কেন্দ্র উত্তরপাড়া। এবার এই আসনে তৃণমূল কংগ্রেসের বাজি বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। পেশায় আইনজীবী শীর্ষণ্য এবারই প্রথম ভোটের ময়দানে পা রাখলেন। গত ৫ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে যে হলফনামা তিনি জমা দিয়েছেন, তাতে তাঁর ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির খতিয়ান সামনে এসেছে।
হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক আয় ছিল ৯৭ লক্ষ ৩৭ হাজার ৬৬০ টাকা। তাঁর স্ত্রীও পিছিয়ে নেই, তাঁর আয় প্রায় ১১ লক্ষ ৬৯ হাজার টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় শীর্ষণ্যর হাতে নগদ ছিল ৩ লক্ষ ৭১ হাজার টাকা। ব্যাঙ্কে গচ্ছিত টাকা ছাড়াও শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এবং বিমায় তাঁর ও তাঁর স্ত্রীর বড় অঙ্কের লগ্নি রয়েছে। দুজনের নামেই রয়েছে ব্যক্তিগত গাড়ি। শীর্ষণ্যর কাছে ৪৭ গ্রাম সোনা থাকলেও তাঁর স্ত্রীর কাছে রয়েছে ২১০ গ্রাম সোনার অলঙ্কার।
সব মিলিয়ে শীর্ষণ্যর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৩ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীর ১ কোটি ২২ লক্ষ টাকার বেশি। স্থাবর সম্পত্তি হিসেবে প্রার্থীর নামে দেড় কোটি টাকার একটি ফ্ল্যাট এবং স্ত্রীর নামে ১৬ লক্ষ টাকার ফ্ল্যাট রয়েছে। দম্পতির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লক্ষ ২০ হাজার ৭৫ টাকা। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল, প্রথমবার নির্বাচনে দাঁড়ানো এই প্রার্থীর নামে কোনও ফৌজদারি মামলা নেই।





