বিহার বিধানসভার বাজেট অধিবেশনে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। নিজের দলেরই স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের দেওয়া তথ্যের বিরোধিতা করে বিতর্কে জড়ালেন বিহারের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা প্রখ্যাত সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। তাঁর নির্বাচনী কেন্দ্র দ্বারভাঙার আলিনগরের একটি সরকারি হাসপাতালের জরাজীর্ণ দশা নিয়ে মন্ত্রীর উত্তরে মৈথিলী ‘অসন্তুষ্ট’ প্রকাশ করায় মুহূর্তের মধ্যে অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মৈথিলী তারদিহ ব্লকের কুরাসন নাদিয়ামির সরকারি হাসপাতালের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, হাসপাতালের ভবনটি অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এমনকি বর্তমানে সেখানে কোনো এমবিবিএস চিকিৎসক নেই। জবাবে স্বাস্থ্যমন্ত্রী ভবনটিকে ‘মেরামতযোগ্য’ বলে দাবি করলে মৈথিলী সরাসরি দ্বিমত পোষণ করেন। তিনি পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মন্ত্রীর এই মূল্যায়ন বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি ছোট ঘরে ধুঁকতে থাকা স্বাস্থ্য পরিষেবা নিয়ে জনস্বার্থে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানান তিনি।
এই তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও মৈথিলী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নিজের দলের ভুল ধরিয়ে দেওয়ার এই সাহসিকতার প্রশংসা করেছেন। ইনস্টাগ্রামে মৈথিলী লিখেছেন, “উন্নত স্বাস্থ্যসেবা প্রদান আমাদের অগ্রাধিকার, এ বিষয়ে কোনো আপস করা হবে না।” উল্লেখ্য, আরজেডি-র হেভিওয়েট বিনোদ মিশ্রকে ১২ হাজার ভোটে হারিয়ে এবারই প্রথম বিধানসভায় পা রেখেছেন মৈথিলী।