রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে এবার সরকারি কর্মচারীদের মন জয়ে বড় বাজি ধরল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) ঘোষণা করা হবে। এর পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়াও অগ্রাধিকারের ভিত্তিতে শুরু করবে বিজেপি সরকার।
অমিত শাহ সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, “রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। কেন্দ্র যেখানে সময়মতো ডিএ এবং বেতন কমিশন কার্যকর করে, সেখানে বাংলার কর্মীরা কেন পিছিয়ে থাকবেন?” তিনি আশ্বাস দেন, প্রশাসনিক কাজ সচল রাখতে কর্মচারীদের স্বার্থ সবার আগে দেখা হবে। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো জনমুখী প্রকল্পের পাল্টা হিসেবেই শাহ এই মেগা আর্থিক প্রতিশ্রুতির কার্ড খেললেন। ডিএ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারীদের যে দূরত্ব তৈরি হয়েছে, সেই ক্ষোভকেই এবার ভোটের বাক্সে পরিবর্তনের হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির।