পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে চলা বিধ্বংসী যুদ্ধ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভার বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এই যুদ্ধকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান যে, এই যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী হতে পারে এবং ভারতকে সেই কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতি বোঝাতে গিয়ে তিনি কোভিড-১৯ অতিমারির দিনগুলির কথা মনে করিয়ে দেন এবং দেশবাসীকে সেই সময়ের মতোই ধৈর্য ও একতা বজায় রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা কোভিড অতিমারির সময় কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। দেশবাসী একজোট হয়ে সেই লড়াইয়ে জয়ী হয়েছিল। পশ্চিম এশিয়ার এই যুদ্ধও আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আমাদের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি আশ্বস্ত করেন যে, ভারত ইতিমধ্যেই তার জ্বালানি আমদানির উৎস ২৭টি দেশ থেকে বাড়িয়ে ৪১টি দেশে নিয়ে গিয়েছে। রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখতে ঘরোয়া উৎপাদন বৃদ্ধি এবং আর্জেন্টিনা ও আমেরিকার মতো বিকল্প দেশ থেকে আমদানির ওপর জোর দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী এদিন কৌশলগত তেল ভাণ্ডার (Strategic Petroleum Reserve) এবং সারের জোগানের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন যাতে কেউ যুদ্ধের অজুহাতে রান্নার গ্যাস বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি না করতে পারে। কোভিডের সময় যেভাবে ভারত পিএম-কিষাণ বা সারে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করেছিল, এবারও সরকার সেই পথেই হাঁটবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। পরিশেষে তিনি বলেন, “এই সংকটময় সময়ে গোটা সংসদ এবং দেশকে এক সুরে কথা বলতে হবে।”