সপ্তাহের প্রথম ট্রেডিং দিন, সোমবার ১৬ মার্চ ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা তুঙ্গে। আজ বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ৫০—উভয় সূচকই লাল সঙ্কেত নিয়ে যাত্রা শুরু করেছে। তবে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই তীব্র ওঠানামা দেখা যায়। সেনসেক্স প্রথমে ১৪৮ পয়েন্ট কমে ৭৪,৪১৫-তে নামলেও, সকাল ৯:২০ নাগাদ তা আবার ৫৮ পয়েন্ট বেড়ে ৭৪,৬২২-এ থিতু হওয়ার চেষ্টা করছে। একইভাবে নিফটি ৫০ সূচকও ৩৫ পয়েন্ট কমে ২৩,১১৬-তে খোলার পর কিছুটা রিকভারি দেখিয়েছে।
এদিন বিএসই-তে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে আইটিসি, টাটা স্টিল এবং কোটাক ব্যাঙ্ক। উল্টোদিকে আদানি পোর্টস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো হেভিওয়েট শেয়ারগুলোতে ধস নামায় চিন্তিত বিনিয়োগকারীরা। গত শুক্রবারের সেই ১,৪৭০ পয়েন্টের বিশাল পতনের ক্ষত এখনও দগদগে। সেই রেশ কাটিয়ে বাজার আজ ঘুরে দাঁড়াতে পারে কি না, সেদিকেই নজর সকলের। শুক্রবার যেখানে বিএসই বাস্কেটের মাত্র দুটি শেয়ার সবুজে বন্ধ হয়েছিল, সেখানে আজকের এই প্রাথমিক ‘কামব্যাক’ বিনিয়োগকারীদের মনে সামান্য আশার আলো জাগিয়েছে।