শুরু হল দেশের প্রথম ডিজিটাল সেন্সাস! নিজে থেকেই পূরণ করুন ফর্ম, বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

আজ, ১ এপ্রিল থেকে ভারতে শুরু হল ঐতিহাসিক ডিজিটাল সেন্সাস বা আদমশুমারি প্রক্রিয়া। ২০২৭ সালের এই মহাযজ্ঞের প্রথম ধাপের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। এদিন একটি ট্যাবে ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-দাখিলা ফর্ম পূরণ করে দেশবাসীকে এই ডিজিটাল প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, এই প্রথমবার আক্ষরিক অর্থেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হাউজ লিস্টিং ও হাউজ অপারেশনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এই ডিজিটাল সেন্সাসে অংশ নেওয়া এখন অত্যন্ত সহজ। উপভোক্তারা নির্দিষ্ট পোর্টালে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে ম্যাপ টুলের সাহায্যে নিজেদের অবস্থান শনাক্ত করতে পারবেন। এরপর পরিবারের তথ্য পূরণ করে জমা দিলেই মিলবে একটি অনন্য ‘সেলফ এনুমারেশন আইডি’। পরবর্তীকালে গণনাকারী বাড়িতে এলে শুধু এই আইডিটি দেখালেই তথ্য যাচাই সম্পন্ন হবে। প্রথম পর্বের এই প্রক্রিয়ায় মোট ৩৩টি প্রশ্ন রাখা হয়েছে, যার মধ্যে বাড়ির নির্মাণ সামগ্রী থেকে শুরু করে শৌচাগার, পানীয় জল, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন, ল্যাপটপ এমনকি গাড়ি বা বাইকের মালিকানা সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। আধিকারিকরা বাড়িতে পৌঁছানোর ১৫ দিন আগেই পোর্টাল খুলে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ আগাম তথ্য দাখিল করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy