পবিত্র রমজান মাসের সূচনা লগ্নে রাজ্যের সমস্ত মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পর থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। এই পুণ্য লগ্নে মুখ্যমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সম্প্রীতি ও সংহতির এক বিশেষ বার্তা ভাগ করে নিয়েছেন।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “পবিত্র রমজান মাসের শুরুতে আমার সমস্ত ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই কঠোর কৃচ্ছসাধন এবং সংকল্প সাধনে আমি সর্বদা আপনাদের সঙ্গে আছি।” তিনি আরও প্রার্থনা করেন যে, এই এক মাসের সংযম ও প্রার্থনা যেন প্রত্যেকের জীবনে অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে।
রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে প্রতি বছরই রমজান মাসে বিভিন্ন ইফতার মজলিশে অংশ নেন মুখ্যমন্ত্রী। এবারও তাঁর বার্তায় প্রতিফলিত হয়েছে বাংলার চিরাচরিত ‘গঙ্গা-যমুনা’ সংস্কৃতির ছবি। রমজান উপলক্ষে রাজ্যে যাতে প্রয়োজনীয় সামগ্রীর অভাব না হয় এবং শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেদিকেও প্রশাসন কড়া নজর রাখছে বলে নবান্ন সূত্রে খবর।