শুভেন্দুর ওপর হামলার সেই চেনা পথেই ফের উত্তেজনা, কোচবিহারে বিজেপির রথযাত্রা রুখতে মরিয়া তৃণমূল?

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ বের করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত কোচবিহারের খাগড়াবাড়ি। বুধবার রাতে অন্ধকারে অতর্কিতে বিজেপির সুসজ্জিত রথে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি বিধায়কের দাবি, তৃণমূলের যুব নেতা সায়নদীপ গোস্বামী ও তাঁর অনুগামীদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঠিক সেই জায়গা দিয়েই রথ যাওয়ার কথা, যেখানে কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। ঘটনার জেরে সকাল থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি। রাস্তার দুই ধারে বাঁশ ও লাঠি হাতে দুই শিবিরের কর্মী-সমর্থকরা জমায়েত হওয়ায় যে কোনো মুহূর্তে বড়সড় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, “খাগড়াবাড়িতে তৃণমূল ধারাবাহিকভাবে সন্ত্রাস চালাচ্ছে। অনুপ্রবেশকারীদের মদতেই এই হামলা। তবে পরিবর্তন যাত্রা তার লক্ষ্যে পৌঁছাবেই।” অন্যদিকে, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা দাবি করেছেন, “SIR-এর কারণে সাধারণ মানুষ বিজেপির ওপর ক্ষুব্ধ, তারই প্রতিফলন হতে পারে এটি।” উল্লেখ্য, আজ রাজ্যের মোট ৬টি জায়গা থেকে পরিবর্তন যাত্রা বের করার কথা রয়েছে, যার মধ্যে খাগড়াবাড়ি অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy