অসমের কাছাড় জেলায় এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিলচর শহরের উপকণ্ঠে বাইপাস রোডে ঘটে যাওয়া এই নারকীয় ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সাত যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি রাতে নির্যাতিতা তরুণী যখন তাঁর এক বন্ধুর সঙ্গে গাড়িতে বসেছিলেন, তখন একটি এসইউভি-তে চড়ে সাত দুষ্কৃতী সেখানে চড়াও হয়। প্রথমে জিজ্ঞাসাবাদের ভান করলেও, পরে তারা ওই তরুণীকে জোর করে নামিয়ে একে একে ধর্ষণ করে।
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণের পর অভিযুক্তরা নির্যাতিতাকে ভয় দেখিয়ে জনৈক এক ব্যক্তির অনলাইন অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠাতেও বাধ্য করে। এই ঘটনায় শিলচর সদর থানায় গণধর্ষণ, ডাকাতি ও তোলাবাজির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং নির্যাতিতা তাঁদের শনাক্তও করেছেন। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাঁর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র শিলচর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।