শিবপুরে বড় চমক বিজেপির! ভবানীপুরের হারের পর এবার কি ‘ঘরের ছেলে’ রুদ্রনীলের বাজিমাৎ?

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা আনুষ্ঠানিকভাবে বেজে গেল। সপ্তাহের শুরুতেই বামফ্রন্টের পর এবার প্রথম দফার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর এই তালিকায় সবথেকে বড় চমক হাওড়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র শিবপুর। এই হেভিওয়েট আসন থেকে এবার বিজেপির প্রার্থী হতে চলেছেন অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ।

২০২১ সালের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে প্রায় ২৮ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন রুদ্রনীল। তবে হারের পর গত পাঁচ বছরে দলের সাংগঠনিক কাজে তাঁর সক্রিয়তা এবং নিষ্ঠা নজর কেড়েছে শীর্ষ নেতৃত্বের। সেই আস্থার প্রতিদান হিসেবেই এবার তাঁকে শিবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে লড়াইয়ে নামাল গেরুয়া শিবির। উল্লেখ্য, শিবপুর রুদ্রনীলের নিজের এলাকা, ফলে ‘ঘরের ছেলে’ হিসেবে তিনি কতটা জনসমর্থন পান, এখন সেটাই দেখার।

যদিও প্রার্থী হওয়া নিয়ে রুদ্রনীল ঘোষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অন্যদিকে, মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করার কথা তৃণমূল কংগ্রেসের। সেখানে রুদ্রনীলের বিপরীতে কাকে দাঁড় করায় ঘাসফুল শিবির, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। একসময় শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা যশ দাশগুপ্তদের মতো একঝাঁক টলি-তারকাকে বিজেপিতে দেখা গেলেও, তাঁদের অনেকেই এখন দলত্যাগী। এমতাবস্থায় রুদ্রনীলের ওপর বিজেপির এই ভরসা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy