লাভপুরের শম্ভুনাথ কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে অধ্যাপক-অধ্যাপিকাদের উদ্দাম নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসে উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে নাচছেন শিক্ষকরা। সেই নাচকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, শিক্ষাপ্রতিষ্ঠানের গরিমা ও শালীনতা কি এভাবে বজায় থাকে? ছাত্রছাত্রীদের জন্য অনুশাসনের পাঠ দেওয়া অধ্যাপকরাই যদি এমন আচরণ করেন, তবে তার প্রভাব কী পড়বে?
ঘটনাটি গত কয়েকদিন আগের, যেখানে অধ্যাপকদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই খাওয়া-দাওয়ার পাশাপাশি নাচের আসর বসে। ভিডিওতে বেশ কয়েকজন শিক্ষককে নাচতে এবং অন্য সহকর্মীদের উৎসাহ দিতে দেখা যাচ্ছে।
এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। ভিডিওটির সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ভিডিওটি যদি সত্যি হয়, তবে অবশ্যই খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমান যুগে এআই প্রযুক্তির অপব্যবহারও উড়িয়ে দেওয়া যায় না।” একইসঙ্গে, স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা জানিয়েছেন, কলেজের প্রিন্সিপালের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপাতত পুরো ঘটনায় তোলপাড় রাজ্য শিক্ষা মহল।