সৈকত শহর মন্দারমণিতে ফের বড়সড় বিপর্যয়। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার সমুদ্রের গ্রাসে চলে গেলেন এক তরুণ চিকিৎসক দম্পতি। মৃতরা হলেন শল্য চিকিৎসক কুন্তল চক্রবর্তী এবং তাঁর স্ত্রী গাইনোকোলজিস্ট শৈলজা ভরদ্বাজ। উত্তর ২৪ পরগনার ঘোলার বিবেকানন্দ পার্কের বাসিন্দা এই দম্পতির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন কুন্তল ও শৈলজা। হঠাৎই উত্তাল ঢেউয়ের টানে তলিয়ে যান দুজনে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলা সেন্টারের কাছে দুই পর্যটককে ভাসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। ২০২৩ সালেই পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন এই কৃতী চিকিৎসক জুটি। ময়নাতদন্তের জন্য দেহ দুটি কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যটকদের বারবার সতর্ক করা সত্ত্বেও কেন এই বিপত্তি, তা খতিয়ে দেখছে প্রশাসন।





