উত্তর প্রদেশের বেরিলিতে রাজ গুপ্ত পরিচয় দিয়ে এক হিন্দু তরুণীকে বিয়ে করার অভিযোগ উঠল মোহাম্মদ কাইয়ুম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গাজিয়াবাদের একটি কোম্পানিতে কাজ করার সময় সম্ভলের বাসিন্দা কাইয়ুম নিজেকে ‘রাজ গুপ্ত’ পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। নিজেকে অনাথ দাবি করে প্রায় দু’বছর আগে মন্দিরে হিন্দু রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করে সে। দম্পতির এক বছর বয়সি কন্যাও রয়েছে।
ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় একটি রিলস শেয়ার করার পর। ওই তরুণী নিজের বিয়ের ছবি ও ভিডিও পোস্ট করলে অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজন মহিলা তাঁকে ফোন করে জানান, ওই ব্যক্তি আসলে ‘রাজ গুপ্ত’ নন, বরং মোহাম্মদ কাইয়ুম। এরপরই ওই তরুণী স্বামীর আসল পরিচয় জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কাইয়ুম নিজেকে প্রকাশের পর তরুণীর ওপর অকথ্য নির্যাতন শুরু করে এবং তাকে ও তার শিশুকন্যাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম পরিবর্তনের জন্য চাপ দিতে থাকে। ভীত ও প্রতারিত ওই তরুণী বর্তমানে বেরিলির সিবিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। ন্যায়বিচারের আশায় তিনি বেরিলির এসএসপি-র দ্বারস্থ হয়েছেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





