রাজ্যবাসীর জন্য সুখবর। আগামী বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করতে চলেছে রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থ-সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্য নিয়েছে সরকার। ব্লকস্তরে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের কাজ যাতে দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রকল্পের সুবিধাভোগীদের চিহ্নিত করতে এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা ১২ পাতার একটি সুনির্দিষ্ট ফর্ম পৌঁছে দেবেন মহিলাদের হাতে। মহিলারা সেই ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট কর্মী বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই তা জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে এই আবেদন প্রক্রিয়া অফলাইনে শুরু হলেও, গতকাল থেকে সরকার অনলাইনেও ফর্ম জমা দেওয়ার সুবিধা চালু করেছে।
প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে রাজ্য প্রশাসন অত্যন্ত তৎপর। আগামী ২ তারিখের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য ২২টি জেলায় ২২ জন সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা জেলা প্রশাসনের সাথে নিরন্তর সমন্বয় বজায় রেখে পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি চালাবেন। আগামিকাল দুপুর সাড়ে বারোটা থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার পরিষেবা প্রদান শুরু হবে। রাজ্যের প্রতিটি ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেবেন উপভোক্তারা। সূচনার দিনেই প্রতিটি ব্লক ও মিউনিসিপ্যালিটি থেকে ১০০ জন মহিলা উপভোক্তার হাতে অনুমোদনের চিঠি তুলে দেওয়া হবে।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রতিটি পরিবারকে একটি ‘ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম’ পূরণ করতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হিসেবে ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক ও অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, বসবাসের প্রমাণ হিসেবে বিদ্যুৎ বা জলের বিল এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এছাড়া পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের তথ্য বাধ্যতামূলক। আবেদনপত্র জমা পড়ার পর ব্লক স্তরে বিডিও (BDO) এবং কর্পোরেশন এলাকায় কমিশনাররা প্রতিটি আবেদন যাচাই করবেন। যথাযথ যাচাইয়ের পরেই উপভোক্তাদের নাম চূড়ান্ত করা হবে। সরকারি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।





