ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবার লড়াইয়ের ময়দান প্রস্তুত। একদিকে তৃণমূলের তারকা বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী, অন্যদিকে বিজেপির তরুণ তুর্কি আইনজীবী কৌস্তভ বাগচী। রবিবার সকাল থেকেই ব্যারাকপুরের অলিতে-গলিতে শুরু হয়েছে জোরকদমে প্রচার। তবে প্রচারের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন কৌস্তভ বাগচী। সরাসরি রাজ চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি দাবি করেছেন, “এবার রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরে অন্তত ৫০ হাজার ভোটে হারাব।”
কৌস্তভের এই আক্রমণের মূল হাতিয়ার হলো ‘বহিরাগত’ এবং ‘অনুপস্থিতি’ ইস্যু। এদিন ভোট প্রচারের ফাঁকে কৌস্তভ বলেন, “রাজ চক্রবর্তীকে ব্যারাকপুরের মানুষ বিপদে-আপদে পাশে পান না। তিনি ব্যারাকপুরে থাকেনই না। রাজ কেবল নির্বাচনের সময় পরিযায়ী পাখির মতো আসেন।” তাঁর আরও দাবি, ব্যারাকপুরের মানুষ এবার ঘরের ছেলেকে চাইছেন, কোনো বহিরাগত সেলিব্রিটিকে নয়। বিজেপির এই প্রার্থী আরও অভিযোগ করেন যে, ব্যারাকপুরে গত কয়েক বছরে কোনো উন্নয়ন হয়নি, কেবল সিন্ডিকেট রাজ চলেছে।
পাল্টা দিতে ছাড়েননি রাজ চক্রবর্তীও। এদিন সকালে ব্যারাকপুরে হুডখোলা গাড়িতে চড়ে প্রচার সারার সময় রাজ বলেন, “কে কী হুঙ্কার দিচ্ছেন তাতে আমার কিছু যায় আসে না। আমার কাজই আমার পরিচয়। ব্যারাকপুরের মানুষ জানেন গত কয়েক বছরে আমি কতটা কাজ করেছি।” রাজের কথায়, কৌস্তভ প্রচার পাওয়ার জন্য এই ধরনের বড় বড় কথা বলছেন। ব্যারাকপুরের মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন বলে আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী। টলিউডের গ্ল্যামার বনাম হাইকোর্টের ধারাল সওয়ালের এই লড়াই এখন ব্যারাকপুরের মূল আলোচনার বিষয়।