২০২৬-এর মে মাসেই ঐতিহাসিক পটপরিবর্তন বাংলায়। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গ বিজেপির ব্যাটন উঠতে চলেছে শুভেন্দু অধিকারীর হাতেই। দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলার নয়া মন্ত্রিসভার নীল নকশা। সূত্র মারফত খবর, আগামী ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিনই কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে পারেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর ক্যাবিনেটে উত্তরবঙ্গ ও তারুণ্যের মিশেল
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সম্ভাব্য মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হচ্ছে আঞ্চলিক ভারসাম্য ও যোগ্যতাকে। উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা দিনহাটার জয়ী প্রার্থী নিশীথ প্রামাণিক পেতে পারেন কোনো হাই-প্রোফাইল দফতর। লোকসভার পর বিধানসভাতেও জয়ের ধারা বজায় রাখায় কেন্দ্রীয় নেতৃত্বের গুড বুকে প্রথম সারিতেই রয়েছেন তিনি।
স্বাস্থ্যে নতুন মুখ, স্পিকার কে?
সবচেয়ে বড় চমক হতে পারে স্বাস্থ্য দফতরে। বিধাননগর থেকে জয়ী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে রাজ্যের পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী করা হতে পারে বলে জোরালো খবর। করোনাকালীন অভিজ্ঞতা এবং পেশাদার চিকিৎসক হিসেবে তাঁর ভাবমূর্তিকেই কাজে লাগাতে চায় গেরুয়া শিবির।
অন্যদিকে, বিধানসভার পরবর্তী স্পিকার বা অধ্যক্ষ হিসেবে দু’টি নাম ঘোরাফেরা করছে— স্বপন দাশগুপ্ত এবং তাপস রায়। তবে রাজনৈতিক মহলের ধারণা, অভিজ্ঞতাপুষ্ঠ তাপস রায়কে ক্যাবিনেট মন্ত্রীর পদেও দেখা যেতে পারে।
অমিত শাহের শেষ সিলমোহরের অপেক্ষা
দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের প্রাথমিক রূপরেখা তৈরি হয়ে গেলেও, মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় শেষ কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত পরিষদীয় দলের বৈঠক আনুষ্ঠানিক ভাবে বাকি থাকলেও, দলীয় স্তরে প্রস্তুতি তুঙ্গে।
৯ মে ব্রিগেডের মেগা ইভেন্ট এখন স্রেফ সময়ের অপেক্ষা। রাজ্যের নব্য সরকারে আর কোন কোন নতুন মুখ জায়গা করে নেন, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ডেইলিয়ান্ট-এর পাঠকদের জন্য এই সংক্রান্ত প্রতিটি আপডেট সবার আগে পৌঁছে দেব আমরা।





