রবীন্দ্রসঙ্গীতের গভীরে উপনিষদের দর্শন, জাদুঘরে এক অনন্য সাংস্কৃতিক সন্ধা!

মে মাস রবিপ্রয়াণে উজ্জ্বল। তবে কবিগুরুর সৃষ্টির মূল উৎস যে উপনিষদ ও একেশ্বরবাদী দর্শন, সেই গভীরতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ‘দক্ষিণায়ণ ইউকে’। আগামী ২৬ মে, ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টিয়ার্ডে সন্ধ্যা ৬:৩০টা থেকে আয়োজিত হতে চলেছে ‘টেগোর অ্যান্ড জার্নি উইথ দ্য উপনিষদ’ শীর্ষক এক অনন্য অনুষ্ঠান। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডঃ আনন্দ গুপ্ত এবং তাঁর প্রতিষ্ঠানের এই প্রযোজনায় মূলত রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের সেই গানগুলি পরিবেশিত হবে, যা ব্রাহ্মসমাজের উপাসনায় ব্যবহৃত হতো।

উল্লেখ্য, ২২ মে রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী। রামমোহন রায়ের ব্রাহ্মধর্মের আদর্শ এবং উপনিষদের নিরাকার ঈশ্বর সাধনা কীভাবে রবীন্দ্রসঙ্গীতের সুর ও কথায় মিশেছে, তা-ই ফুটে উঠবে এই অনুষ্ঠানে। দীর্ঘ দিন ধরে বিদেশের মাটিতে ‘দক্ষিণায়ণ ইউকে’-র মাধ্যমে রবীন্দ্রচর্চা চালিয়ে যাচ্ছেন ডঃ আনন্দ গুপ্ত। তাঁর কথায়, “রবীন্দ্রনাথের গানের আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক ও কাব্যিক ধারার মেলবন্ধন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

কলকাতার ঐতিহ্যবাহী ‘দক্ষিণী’-র প্রাক্তন ছাত্র ডঃ আনন্দ গুপ্ত নিজে দীর্ঘসময় সুদেব ও রণ গুহ ঠাকুরতার মতো গুণী শিল্পীদের সান্নিধ্যে তালিম নিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে রবীন্দ্রসৃষ্টি নিয়ে নিরীক্ষামূলক প্রযোজনা পরিবেশনের পর, এবার কলকাতায় ফিরছেন তিনি। জাদুঘরের শান্ত পরিবেশে উপনিষদের দর্শন আর রবীন্দ্রসঙ্গীতের সেই সুরের মূর্ছনা শ্রোতাদের এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy