মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ এবার আছড়ে পড়ল দিল্লির কূটনৈতিক অলিন্দে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-এর প্রয়াণ এবং ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ IRIS Dena ধ্বংসের পর এবার মুখ খুললেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডঃ মহম্মদ ফাতানি। সাফ জানিয়ে দিলেন, “যুদ্ধ ওরা শুরু করেছে ঠিকই, কিন্তু এর শেষ করব আমরাই।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি।
নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রদূত সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের নাম না নিলেও তাঁর নিশানায় যে পশ্চিমী শক্তি ছিল, তা স্পষ্ট। তিনি দাবি করেন, ইরান শান্তিকামী দেশ হলেও তার সার্বভৌমত্বে আঘাত হানলে বিন্দুমাত্র রেয়াত করা হবে না। খামেনেই-এর মৃত্যু এবং সমুদ্রের বুকে ইরানি নাবিকদের হত্যার বদলা নিতে ইরান যে ‘অপারেশন ট্রু প্রমিস IV’ শুরু করেছে, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এই আগ্রাসনের চরম মূল্য চোকাতে হবে আক্রমণকারীদের।
বিশেষজ্ঞদের মতে, ভারত সফর সেরে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়ে আমেরিকা সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ভারতের মাটি থেকেই ইরান বুঝিয়ে দিল, তারা পিছু হঠার পাত্র নয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।