পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি করেছে, তা ইউরোপের জ্বালানি নিরাপত্তার দুর্বলতাকে নগ্নভাবে সামনে নিয়ে এসেছে। প্যারিসে এক আলোচনা সভায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এই পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
এই সংকটের মোকাবিলায় পরমাণু শক্তির গুরুত্ব পুনর্বিবেচনার ডাক দিয়েছেন উরসুলা। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতে ইউরোপে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের হার কমানোর সিদ্ধান্ত একটি কৌশলগত ভুল ছিল। ১৯৯০ সালে যেখানে ইউরোপীয় ইউনিয়নের মোট বিদ্যুৎ উৎপাদনের এক-তৃতীয়াংশ আসত পরমাণু শক্তি থেকে, বর্তমানে তা কমে ১৫ শতাংশে নেমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা নতুন করে জ্বালানি সংকটের আতঙ্ক বাড়িয়েছে। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির পাশাপাশি পরমাণু শক্তির মতো স্থিতিশীল ও নির্ভরযোগ্য উৎসের দিকেই ইউরোপকে ঝুঁকতে হবে বলে মন্তব্য করেন তিনি।